হাওজা নিউজ এজেন্সি'র প্রতিবেদনে সূরা আত্-ত্বীনের তাফসির ও শিক্ষণীয় বিষয়সমূহ:
১. তূরে সীনীন (طُورِ سِينِينَ)
তূরে সীনীন বলতে বর্তমান মিসর ও ফিলিস্তিনের মধ্যবর্তী সিনাই উপদ্বীপের একটি পবিত্র অঞ্চলকে বোঝানো হয়েছে।
২. ত্বীন ও জয়তুনের উৎপত্তিস্থল
কিছু বর্ণনায় «طُورِ سِينِينَ» এবং «الْبَلَدِ الْأَمِينِ» দুটি পবিত্র স্থানের প্রতি ইঙ্গিত হওয়ায় বলা হয়েছে, «التِّينِ وَالزَّيْتُونِ» (ত্বীন ও জয়তুন) দ্বারা এ দুটি ফলের উৎপত্তিস্থল বা জন্মভূমিকেও বোঝানো হয়েছে। এ ব্যাখ্যা অনুযায়ী, আয়াতটিতে মদিনা ও বাইতুল মুকাদ্দাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
৩. ত্বীন ও জয়তুনের পুষ্টিগুণ
খাদ্যদ্রব্যের মধ্যে ফলমূল এবং ফলের মধ্যে শর্করা ও চর্বিযুক্ত ফল শরীরের বিপাকীয় কার্যক্রমের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। ত্বীন ও জয়তুন এ ধরনের ফলের অন্তর্ভুক্ত।
৪. নিরাপত্তা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য
ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো, এর মধ্যে একটি নিরাপদ ভূখণ্ডের ধারণা রয়েছে। সেখানে শুধু মানুষই নয়, উদ্ভিদ ও প্রাণীরাও নিরাপত্তা লাভ করে।
الْبَلَدِ الْأَمِينِ
নিরাপদ নগরী।
৫. ত্বীন ও জয়তুনের ঔষধি গুণ
কোরআনে ত্বীন বা আঞ্জিরের নাম একবার এবং জয়তুনের নাম ছয়বার উল্লেখ করা হয়েছে। এই দুটি ফলেরই প্রচুর পুষ্টিগুণ ও ঔষধি গুণ রয়েছে।
আঞ্জিরে থাকা শর্করার কারণে এটি সব বয়সের মানুষের জন্য উপকারী। বিশেষ করে খেলোয়াড় এবং শারীরিক দুর্বলতা ও বার্ধক্যে ভুগছেন—এমন ব্যক্তিদের আঞ্জির খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কিছু বর্ণনা অনুযায়ী, আঞ্জির জান্নাতি ফল। প্রাচীন চিকিৎসাশাস্ত্রে পাকস্থলীর ঘা বা আলসারের জন্য আঞ্জির ও মধুর মিশ্রণ এবং স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বাড়ানোর জন্য শুকনো আঞ্জির খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমাম রেযা (আ.) বলেছেন, আঞ্জির মুখের দুর্গন্ধ দূর করে, মাড়ি ও হাড় মজবুত করে, চুল গজাতে সাহায্য করে, ব্যথা উপশম করে এবং ওষুধের মতো কার্যকর ভূমিকা পালন করে।
অন্যদিকে, জয়তুন কফ দূর করে, মুখমণ্ডলের রং উজ্জ্বল করে, স্নায়ুকে শক্তিশালী করে, রোগ, ব্যথা ও দুর্বলতা দূর করে এবং ক্রোধের উত্তাপ প্রশমিত করে।
৬. মানুষের ফিতরাত থেকে বিচ্যুতি ও অধঃপতন
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
অতঃপর তাকে নিকৃষ্টতম অবস্থানে ফিরিয়ে দিয়েছি—এই বাক্যাংশের মাধ্যমে মানুষের মধ্য থেকে একদল মানুষের আল্লাহপ্রদত্ত প্রাথমিক স্বভাব বা ফিতরাত থেকে বিচ্যুত হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।
আল্লাহ প্রত্যেক মানুষের অন্তরে এই স্বভাব স্থাপন করে দিয়েছেন। যে ব্যক্তি এই স্বভাব থেকে সরে যায়, সে নিকৃষ্টতম অবস্থানে নেমে যায় এবং দুর্ভাগ্য ও শাস্তির মধ্যে পতিত হয়।
শিক্ষণীয় বিষয়সমূহ
১. পার্থিব জীবনের নিয়ামতেরও বিশেষ মর্যাদা রয়েছে
পার্থিব জীবনের নিয়ামত, এমনকি খাদ্যদ্রব্য ও ফলমূলেরও বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা এগুলোর শপথ করেছেন।
وَالتِّينِ وَالزَّيْتُونِ
অর্থ: শপথ ত্বীন ও জয়তুনের।
২. সুস্বাস্থ্য ও নিরাপত্তা মানুষের মৌলিক প্রয়োজন
খাদ্যের মাধ্যমে অর্জিত সুস্বাস্থ্য এবং নিরাপত্তা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুগত প্রয়োজনগুলোর অন্তর্ভুক্ত।
التِّينِ وَالزَّيْتُونِ ... الْبَلَدِ الْأَمِينِ
৩. ওহীর পবিত্রতা ও মর্যাদা সংশ্লিষ্ট ভূখণ্ডকেও মহিমান্বিত করে
ওহীর পবিত্রতা ও মর্যাদা সংশ্লিষ্ট ভূখণ্ডের ওপরও প্রভাব বিস্তার করে।
وطُورِ سِينِينَ
৪. মক্কার নিরাপত্তা হযরত ইবরাহিম (আ.)-এর দোয়ার ফল
মক্কা নগরীর নিরাপত্তা ছিল হযরত ইবরাহিম (আ.)-এর একটি দোয়া। তিনি বলেছিলেন:
رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا.
অর্থ: হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করুন।
পরবর্তীতে তাঁর এই দোয়া কবুল হয়েছিল।
هَذَا الْبَلَدِ الْأَمِينِ.
অর্থ: এই নিরাপদ নগরীর শপথ।
৫. সৃষ্টিগত দিক থেকে মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করা হয়েছে
সৃষ্টিগত দিক থেকে মানুষকে অন্যান্য সব সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে।
خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ.
অর্থ: নিশ্চয়ই আমরা মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি।
৬. মানুষের সৃষ্টি ও পরিণতি সবই আল্লাহর কর্তৃত্বাধীন
মানুষের সৃষ্টি থেকে শুরু করে তার পরিণতি পর্যন্ত সবকিছুই আল্লাহর কর্তৃত্বাধীন।
خَلَقْنَا ... رَدَدْنَاهُ.
অর্থ: আমরা সৃষ্টি করেছি... অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি।
৭. মানুষ সৃষ্টিগতভাবে নিকৃষ্ট নয়; বরং জীবনের বিভিন্ন পর্যায়ে তার পতন ঘটে
মানুষকে মূলত সর্বোত্তম গঠনে সৃষ্টি করা হয়েছে। কিন্তু জীবনের বিভিন্ন পর্যায়ে তার অধঃপতন ঘটতে পারে।
خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ.
অর্থ: নিশ্চয়ই আমরা মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। অতঃপর তাকে নিকৃষ্টতম অবস্থানে ফিরিয়ে দিয়েছি।
৮. মানুষের উন্নতির যেমন সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে, তেমনি অধঃপতনেরও সীমা নেই
মানুষ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে, তেমনি তার পতনও অন্যান্য সৃষ্টির তুলনায় সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছাতে পারে।
أَحْسَنِ تَقْوِيمٍ ... أَسْفَلَ سَافِلِينَ
অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন,
أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ.
অর্থ: তারা চতুষ্পদ জন্তুর মতো; বরং তারা তার চেয়েও অধিক পথভ্রষ্ট।
৯. ঈমান ও সৎকর্ম মানুষকে অধঃপতন থেকে রক্ষা করে
ঈমান ও সৎকর্ম থেকে দূরে সরে যাওয়াই মানুষের পতনের কারণ। অন্যদিকে, ঈমান মানুষকে সব ধরনের অধঃপতন ও নিকৃষ্টতা থেকে রক্ষা করে।
رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ.
অর্থ: অতঃপর তাকে নিকৃষ্টতম অবস্থানে ফিরিয়ে দিয়েছি, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে।
১০. আল্লাহই সর্বোত্তম বিচারক
যদিও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাঁর সৃষ্টির সঙ্গে যেভাবে ইচ্ছা আচরণ করার পূর্ণ অধিকার তাঁর রয়েছে, তবুও তিনি ন্যায়বিচারের ভিত্তিতে ফয়সালা করেন। আর তিনিই সর্বোত্তম বিচারক।
بِأَحْكَمِ الْحَاكِمِينَ
অর্থ: তিনি কি সর্বোত্তম বিচারক নন?
সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।
والحمد لله رب العالمين
সূত্র: তাফসীরে নুর- মোহসেন ক্বারাআতি
অনুবাদ ও সম্পাদনা: নাজমুল হক।
আপনার কমেন্ট